
কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফের ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি ওই এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে তারা। পরে দুপুর সাড়ে ২টার দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫) এবং বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।